ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) হোটেল রেডিসন ব্লুতে এই চুক্তি সই হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি। নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো দেশের এভিয়েশন খাতকে বিশ্বমানের করে আরও এগিয়ে নেবে। মন্ত্রী আরও বলেন, শুধু আধুনিক বিমান দিয়ে কোনো এয়ারলাইনকে সফল করা যায় না। বিমানের ভবিষ্যৎ নির্ভর করবে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর।
নিরাপত্তা, দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তুলে সম্মিলিতভাবে বিমানকে শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ এয়ারলাইনে পরিণত করার আহ্বান জানান তিনি, যা হবে দেশের প্রতিটি নাগরিকের গর্বের উৎস।





















