ব্যাংক থেকে মাসে তিনবারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দেওয়া এক প্রস্তাবে জানানো হয়েছে, মাসে তিনবারের বেশি টাকা উত্তোলন করলে গ্রাহককে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি গুনতে হতে পারে। এছাড়া আরও ১৪টি সেবায় নতুন করে চার্জ বসানো বা বিদ্যমান ফি বাড়ানোর সুপারিশ করেছে এবিবি।

প্রস্তাবিত ফি-র তালিকায় স্থগিত হয়ে যাওয়া ব্যাংক হিসাব সচল করতে ৫০০ টাকা ফি নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি ঋণ প্রক্রিয়াকরণ মাসুল এক লাফে চার গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে এই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান স্পষ্ট। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বরং ব্যাংকগুলোকে ঋণ বিতরণের মাধ্যমে মুনাফা বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গ্রাহকদের ওপর বিভিন্ন ধরনের অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং সেবার প্রতি অনিহা তৈরি হবে। তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত সতর্ক থাকবে এবং গভীরভাবে চিন্তা করবে। অন্যদিকে, ব্যাংকগুলো এই প্রস্তাবকে ব্যাংকিং খাতের একটি স্বাভাবিক চর্চা হিসেবে অভিহিত করেছে।