ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ, রোববার (২৬ জুলাই)।
একটি অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে তিনি তাঁর নতুন দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। দিনের প্রথম কর্মসূচি হিসেবে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এসব আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন করে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুরের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করে গুলশানে তাঁর নিজস্ব ফ্ল্যাটে চলে যাবেন। জানা গেছে, সেখানে তাঁর অবস্থানের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।











