আগামী গ্রীষ্মকালে দেশে বিদ্যুতের ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে উদ্যোক্তাদের জন্য সরকার বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা প্রদান করছে। এর ফলে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সভাপতিগণ উপস্থিত ছিলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, “সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও তেলের দাম বাড়ছে। বিশ্ববাজারে জ্বালানির দাম যখন বৃদ্ধি পায়, তখন আমাদের মতো একটি দেশের পক্ষে দীর্ঘ সময় মূল্য সমন্বয় না করে থাকা সম্ভব নয়।” তবে তিনি আরও যোগ করেন যে, সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সাথে মূল্য সমন্বয় করছে। এই পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে পরিমিতিবোধ জাগ্রত করার পাশাপাশি শিশুদেরও সম্পদের সঠিক ও পরিমিত ব্যবহার শেখানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের নৈতিক শিক্ষার মজবুত ভিত গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল পাঠদান নয়, বরং পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অপরিহার্য। এছাড়া বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করার তাগিদ দেন তিনি।

শিক্ষার্থীদের পড়াশোনার অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। যদি কোনো শিক্ষার্থী চরম আর্থিক সংকটে পড়ে, তবে সরকারের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে।

অন্যদিকে, নিজ দলের নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করা যাবে না। কেউ যদি এমনটি করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রথমে সাংগঠনিক এবং পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।