ভারতে কারাবাস শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। গতকাল বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দেশে ফিরে আসা এই তিন তরুণী হলেন— সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভনে পড়ে প্রায় দুই বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের মুম্বাই গিয়েছিলেন এই তরুণীরা। তবে সেখানে কাজ করার সময় স্থানীয় পুলিশের হাতে তারা আটক হন এবং আদালত তাদের এক বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজার মেয়াদ শেষ হওয়ার পর সে দেশের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে আশ্রয় দেয়। পরবর্তীতে বাংলাদেশ ও ভারত দূতাবাসের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ এবং বিশেষ ট্রাভেল পারমিটের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ফেরত আসা এই তরুণীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, থানা থেকে তাদের গ্রহণ করে নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।









