দেশজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় ঐক্য। আগামী বৃহস্পতিবার দেশের প্রতিটি মহানগরী ও জেলায় জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করবে এই জোট।
একই দিনে সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবালয় অভিমুখে যাত্রা করবে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। গতকাল সোমবার জোটের শীর্ষ নেতাদের এক বিশেষ বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এই কর্মসূচির সর্বাত্মক বাস্তবায়নের লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই বিবৃতির কথা নিশ্চিত করেছেন।









