বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানক্ষেত থেকে বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাছ ধরার জন্য পেতে রাখা একটি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালে অজগরটি আটকা পড়ে। শুক্রবার (১০ জুলাই) সকালে স্থানীয় অভিজ্ঞ সাপুড়ে শামছু তালুকদার অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে তার ধানক্ষেতে চায়না দুয়ারি জাল পেতে রেখেছিলেন। পরদিন সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, জালে একটি বিশালাকার অজগর আটকে আছে। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দেওয়া হলে, তিনি বৃষ্টির মধ্যেই সেখানে পৌঁছে কৌশলে সাপটিকে উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধানক্ষেতে পেতে রাখা নিষিদ্ধ জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা সাপটিকে নিয়ে আসার পর রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের সংরক্ষিত এলাকায় তা অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হয়, উদ্ধার করা অজগরটি প্রায় ১০ ফুট দীর্ঘ এবং এর ওজন ৭ থেকে ৮ কেজির কাছাকাছি।