শাহজাহান আলী মনন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রেক্রে্। রাষ্ট্রদূত উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে
নীলফামারীর সৈয়দপুর সফর করেছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় এই সফরে আসেন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এসময় তাঁর সফর সঙ্গী ছিলেন তার স্ত্রী ডিয়ান ডাওকে, আমেরিকান দূতাবাসের কর্মকর্তা মো. সৈয়দ ফাওজুস সালেহীন, পলিটিক্যাল স্পেশালিস্ট মি. ফিরোজ আহমেদ।
এখানে তারা প্রথমেই দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌছলে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, কার্য ব্যবস্থাপক (ডাব্লু এম) মমতাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
পরে সেখানে রেলওয়ে কারখানায় রাখা বিট্রিশ দ্বিতীয় রাণী এলিজাবেথের স্মৃতিময় ঐতিহাসিক ট্রেন প্রেসিডেন্ট সেলুনে যান এবং কিছু সময় অবস্থান করেন। কারখানার বিভিন্ন সপ, রেলওয়ে যাদুঘর ঘুরে ঘুরে দেখেন। পরে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী কারখানার ভেতরে দুইটি মাল্টাগাছ রোপণ করেন এবং কারখানার বিভাগীয় তত্বাবধায়কের অফিসের সামনে রক্ষিত বহু পুরাতন স্টিম ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের সামনে ছবি তোলেন।
এরপর সৈয়দপুর শহরে অবস্থিত বিট্রিশদের নির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে তিনি শহরের সাহেবপাড়ায় ঐতিহাসিক ক্যাথলিক গির্জায় যান এবং সেখানে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সাথে প্রার্থনা করেন। সেখান থেকে শহরের গোলাহাট এলাকায় খ্রিস্টান কবরস্থান ও সংলগ্ন ঐতিহাসিক চিনি মসজিদ পরিদর্শন করেন।
এর আগে তিনি দিনাজপুরের পার্বতীপুর থেকে ঢাকা থেকে আগত নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। সেখানে সফরকারী দলকে স্বাগত জানান, নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. শফিকুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা ও সহকারী কমিশনার (ভুমি) সাব্বির হোসেন।
তার সফর উপলক্ষ্যে ব্যাপক পুলিশী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সৈয়দপুর রেলওয়ে স্টেশনসহ পুরো শহর। বিশেষ করে তার পরিদর্শনের স্থান সমুহ। এছাড়াও তিনি উত্তরবঙ্গ সফরকালে গত সোমবার সৈয়দপুরের স্বনামধন্য ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে অবস্থান করেন এবং এখানেই খাবার খান। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকালে তিনি সড়কপথে দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে লোকোমোটিম কারখানা পরিদর্শনে যান।
সেখান থেকে সৈয়দপুরে এসে রেলওয়ে স্টেশনে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় সফর প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি মাত্রই বাংলাদেশ রেলওয়েতে আমার জীবনের প্রথম ভ্রমন সম্পন্ন করলাম। এটি একটি চমৎকার সফর ছিল। আমি ট্রেনে ভ্রমন করতে খুবই ভালোবাসি এবং বিশ্বের নানা দেশে আমি ট্রেনে ভ্রমন করেছি। তবে এই ভ্রমনটি খুবই বিশেষ ছিলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুরুর দিক থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। আজকে ট্রেনের যে লোকোমোটিভ বা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রগ্রেস রেল এর তৈরী।

















