মোহাম্মদ সেলিম: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনিসেফ বাংলাদেশ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় আজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করতে এই সহায়তা সামগ্রীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে নারী, শিশু ও পরিবারের জরুরি চাহিদার কথা বিবেচনা করেই এই উপকরণগুলো নির্বাচন করা হয়েছে।
বিতরণকৃত জরুরি সামগ্রীর তালিকায় ছিল:
পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও বড়দের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা ও নেল কাটারসহ প্রয়োজনীয় নানা উপকরণ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।






