টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৪ এর বিশেষ অভিযানে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া গ্রামের লালুর ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া করে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা তিনটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি পলিথিন ব্যাগের ভেতরে খাকী রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।