মোঃ আবুল কালাম আজাদ
গাজীপুরের বহুল আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও এখনো বিচারিক কার্যক্রমের চূড়ান্ত রায় না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার এক বছর পূর্তি উপলক্ষে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশার মর্যাদা রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করতে হবে। সাংবাদিকদের মধ্যে অনৈক্যের সুযোগে নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে। সাংবাদিক হত্যার ঘটনাগুলোর দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে অর্ধশতাধিক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। কিন্তু এসব হত্যাকাণ্ডের অধিকাংশের বিচার এখনো সম্পন্ন হয়নি। সাংবাদিকতা পেশার মান ও মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নেরও দাবি জানান তিনি।
সমাবেশে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা সিকান্দার আলী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান, ভাওয়াল প্রেসক্লাব গাজীপুরের সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, বিএমএসএফ গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।







