নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর মহানগর শাখা।

সম্প্রতি অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের গাজীপুর মহানগর সভাপতি আবু রায়হান।

সংবাদ সম্মেলনে বলা হয়, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার এবং তাদের পরিচালিত স্কুল, হাসপাতাল, খামার ও পোশাক কারখানাসহ বিভিন্ন উন্নয়নমূলক ও অর্থনৈতিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নোয়াখালীতে সংগঠনের এমাম মোহাম্মদ সেলিমের বাড়িতে চারবার সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এসব হামলায় দুজন নিরপরাধ সদস্যকে প্রকাশ্য দিবালোকে হত্যা এবং শতাধিক সদস্যকে আহত করা হয়েছে। বর্তমানে সেখানে অবস্থানরত হাজার হাজার সদস্য চরম নিরাপত্তারহীনতায় ভুগছেন।

মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ফতোয়া প্রদান ও উসকানি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ দাবি করেন, হেযবুত তওহীদ বিগত তিন দশকের বেশি সময় ধরে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করছে। দীর্ঘ কর্মজীবনে তাদের বিরুদ্ধে প্রায় ৬০০টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হলেও গত ৩১ বছরে আদালতের মাধ্যমে কোনো সদস্য দোষী সাব্যস্ত হননি।

দেশের সংবিধান প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস পালন ও প্রচারের স্বাধীনতা দিয়েছে। নেতৃবৃন্দের অভিযোগ, নিজেদের স্বার্থ হাসিল করতে একটি উগ্র মহল সরকারের ওপর চাপ সৃষ্টি করে এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে উগ্রবাদ, সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের কঠোর অবস্থান নেওয়ার এবং সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও ছাত্র বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন, গাজীপুর উত্তরা অঞ্চলের সভাপতি মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর খাদ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম খান, টঙ্গী পূর্ব থানার সভাপতি মো. মুকুল সরকার এবং গাছা থানার সভাপতি মো. শাহাদাত ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।