স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে ৫১ নং ওয়ার্ডের যুবদল নেতা বেলাল খানের বিরুদ্ধে অনিক নামে এক ব্যক্তিকে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তার ঘনিষ্ঠ সহযোগী জসিমকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। জসিমের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে একটি ম্যাগাজিন, পিস্তলের গুলি এবং লোহার তৈরি দেশীয় ছুরি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকার মাসকোট্রেক্সের পেছনে অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই দণ্ডবিধির ৩৪৩, ৩৮৫ ও ৪০৬ ধারায় মামলাটি (মামলা নং- ২১) রুজু করা হয় এবং গ্রেপ্তারকৃত জসিমকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

মামলায় ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা. সজীব খানের চাচা ও সাতাইশ শরিফ মার্কেট এলাকার সামাল খানের ছেলে বেলাল খান।

এজাহার সূত্রে জানা যায়, এক ব্যক্তিকে অবৈধভাবে আটকে রেখে চাঁদাদাবি ও প্রতারণার অভিযোগে এই মামলা হয়। ঘটনার পর থেকেই বেলাল খান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে তার বাসভবনসহ সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

এদিকে, স্থানীয়দের ভাষ্যমতে, বেলাল খান দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে শরিফ মার্কেট এলাকার একটি বাড়ি দখল করে রেখেছেন এবং সেখানে মাদক ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত জসিম তার অন্যতম সহযোগী হিসেবে এসব অপকর্ম পরিচালনা করতেন। জসিমের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি বেলাল খান আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।দ্রুত সময়ে মধ্যে তাকে গ্রেফতার করা হবে।