স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ মো. জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশের দাবি, জসিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকায় মাসকোট্রেক্সের পেছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জসিম চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পশ্চিম বড়ালী বাড়ি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ শরীফ মার্কেট এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জসিমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ১৫ আগস্ট ২০২৬ তারিখের ২১ নং মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৪৩, ৩৮৫ ও ৪০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জসিমকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, যে বাড়ি থেকে জসিমকে গ্রেফতার করা হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে ৫১ নং ওয়ার্ডের কথিত যুবদল নেতা বেলাল খান জোরপূর্বক দখলে রেখেছেন। ওই বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, জসিম বেলাল খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বেলাল খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দেশীয় অস্ত্রসহ একাধিক মাদক মামলা ও ডাকাতির প্রস্তুতির মামলায় জসিমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জসিম গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, সহযোগী ও আশ্রয়দাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।







