গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১টি ঘর ও বিপুল পরিমাণ আসবাবপত্র পুড়ে গেছে।

বুধবার (২৪ জুন) ভোরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া এবং মুদাফা পশ্চিমপাড়া বিশারটেক এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন কক্ষের বিভিন্ন আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কক্ষটির বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।

অন্যদিকে, সকাল পৌনে ৬টার দিকে টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া বিশারটেক এলাকায় বাহার উদ্দিনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বস্তির একের পর এক কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে বস্তির ৩০টি কক্ষ এবং সেখানে থাকা মূল্যবান মালামাল ও আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম জানান, পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট কাজ করেছে। মুদাফা এলাকার বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।