মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং পৌরসভার শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহিনী (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।