মো পজিরুল ইসলাম: ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক ঝটিকা অভিযান চালিয়ে মাহিন (২৫) নামের এক যুবককে আটক করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

(১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি চৌকস দল পূর্ব গোয়ালপাড়া এলাকায় মাহিনের বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তার বাড়ি তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি মাহিনকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর অভিযান চলমান থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।

এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।