মিজানুর রহমান মিন্টু

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজ, ইএসডিও প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (টিটিডিএফ) এ আয়োজন করে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় তেঁতুলিয়াকে পর্যটন নগরী হিসেবে ঘোষণার দাবি, পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, ট্যুরিস্ট পুলিশের ওসি আব্দুল মতিন, তেঁতুলিয়া উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, সদর ইউনিয়ন পরিষদের এমপির প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ, সাবেক ছাত্রদল সভাপতি খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান এবং ওলামা দলের সভাপতি সোহরাব আলী।

এ ছাড়া গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, মহানন্দা নদী, সীমান্তবর্তী অবস্থানসহ নানা বৈশিষ্ট্যের কারণে এ অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে পর্যটন খাতের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো সম্ভব।

আয়োজকরা তেঁতুলিয়াকে একটি আধুনিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।