মিজানুর রহমান মিন্টু,
"ক্রিয়াই শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল"— এই দীপ্ত অঙ্গীকার ও স্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজিত 'প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬'। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে শিশুস্বর্গ ফাউন্ডেশনের তেঁতুলিয়া শাখা এবং পঞ্চগড় শাখার মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
গত ২৪ জুলাই আয়োজিত এই উৎসবমুখর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। তাঁর বক্তব্যে তিনি বলেন, "তরুণ সমাজকে মাদকের কালো ছায়া থেকে মুক্ত রাখতে এবং তাদের সামগ্রিক শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শৃঙ্খলাবোধ তৈরি এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করার অন্যতম শক্তিশালী উপায়। আমাদের মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মের শিশু ও যুবকদের জন্য একটি সুন্দর, সুস্থ এবং মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের মেন্টর ফেরদৌস আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন আতিকুজ্জামান শাকিল, আতাউর রহমান মানিক, মাসুদ রানা, মোস্তাক আহমেদ এবং ক্রীড়াবিদ সাজেদুর রহমান রাজু।
খেলার মাঠে দুই দলের তরুণ খেলোয়াড়রা অত্যন্ত চমৎকার ক্রীড়াশৈলী ও দলীয় সংহতি প্রদর্শন করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠটি পূর্ণ হয়ে ওঠে এবং অসংখ্য দর্শক করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন, যা পুরো আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।






