মোঃ সোহরাব আলী তেঁতুলিয়া

সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২১ অক্টোবর ২০২৬ সকাল ১০ টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মহোদয় কে ফুল দিয়ে বরণ করেন তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ । মত বিনিময় অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী।

প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর ,তেতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান , তেতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন প্রমূখ।

সেমিনারে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা, সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান মেনে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়বদ্ধতার মধ্যে সমন্বয় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সেমিনারে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা, আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বাড়ানোর পাশাপাশি নৈতিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।