টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানার হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে দুইজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়,জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।