টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৫ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালিয়ে একটি হলুদ শপিং ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুর বিল এলাকার মো. আজিজ খান (২৩) এবং হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা নুরুল আমিন (৩৪)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১৫ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











