মোহাম্মদ হোসাইন
টেকনাফের ছাত্রসমাজ ও সর্বসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টেকনাফ উপজেলা চত্বরে নির্মিত দৃষ্টিনন্দন পাঠাগারটির কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেকনাফের সচেতন ছাত্ররা।
টেকনাফের সর্বসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন সৌরভের উদ্যোগে উপজেলা চত্বরে পাঠাগারটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। তবে পাঠাগারটি প্রস্তুত হওয়ার প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখনো এর কার্যক্রম শুরু হয়নি।
এ বিষয়ে বর্তমান উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে জানানো হয়, পাঠাগারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য বর্তমানে নির্ধারিত বাজেট নেই। প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করা সম্ভব হলে দুইজন কর্মচারী নিয়োগের মাধ্যমে পাঠাগারটির কার্যক্রম শুরু করা হবে।
টেকনাফের সচেতন ছাত্র-জনতার দাবি, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও জনবল নিশ্চিত করে পাঠাগারটির কার্যক্রম দ্রুত উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণ, বিশেষ করে জ্ঞানপিপাসু শিক্ষার্থী ও নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।















