টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মন্ডলপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিজিবি জানায়, প্রায় তিন মাস ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনাকারী একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। ফিফা বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করে জুয়ার প্রস্তুতির তথ্য পেয়ে বিশেষ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, শুক্কুর আলী (২৮), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-আলী ডেইল, ২নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন,সাইফুল ইসলাম, পিতা-সামছুল আলম, গ্রাম-আলী ডেইল, ২নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন,জাফর আলম, পিতা-আব্দুর রহিম, গ্রাম-হাদুরছড়া, ২নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন,সোলেমান (১৫), পিতা-জাফর আহম্মেদ, গ্রাম-হাদুরছড়া, ২নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, আব্দুল হান্নান (২৩), পিতা-নজরুল মিয়া, গ্রাম-কচুবনিয়া, ৪নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, নূরুল হাকিম (১৯), পিতা-নূর মোহাম্মদ, কুতুপালং এফডিএমএন ক্যাম্প-১, ব্লক-ই/১,জান্নাত উল্লাহ (২২), পিতা-নূর হোসেন, কুতুপালং এফডিএমএন ক্যাম্প-১, ব্লক-ই/১ মোহাম্মদ ইউনুস (২১), পিতা-জামাল আহম্মদ, কুতুপালং এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-ই/৭, মোহাম্মদ ইসমাইল (৩৭), পিতা-মৃত নূর আহম্মদ, গ্রাম-হাদুরছড়া, ২নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল তথ্য-উপাত্ত বিশ্লেষণে তাদের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। তদন্তে জানা যায়, তারা 1XBET, BABU88, 3666BET, DAILY TAKA, MILLION GOLDEN DEAL, 3330K, BEAD16, 499BET, XX999, 3333BET22-সহ বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মে বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ লেনদেন করত। এছাড়া কয়েকজন BINANCE ও BYBIT-এর মাধ্যমে ক্রিপটোকারেন্সিতেও লেনদেন করতেন। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চক্রটি তাদের কার্যক্রম পরিচালনা করত বলেও জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অনলাইন জুয়াসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে