টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে তিনি বাহারছড়া ইউনিয়নের সম্ভাব্য পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন অপহরণপ্রবণ এলাকাও ঘুরে দেখেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক টেকনাফ মডেল থানা, টেকনাফ পৌরসভার নির্মাণাধীন বড় মাছ বাজার এবং টেকনাফ সদর ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ, টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, পৌরসভার প্রকৌশলী জসিম উদ্দিনসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এদিকে বাহারছড়ার বাসিন্দারা নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত ফাঁড়িটি বাস্তবায়িত হলে এলাকায় পুলিশের উপস্থিতি আরও জোরদার হবে। এতে পাহাড়কেন্দ্রিক অপহরণ চক্রের তৎপরতা ও অন্যান্য সামাজিক অপরাধ কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।