মোহাম্মদ হোসাইন
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এ সময় একজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৪ আগস্ট টেকনাফে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
এর আগে ২৩ আগস্ট টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা আটক করে কোস্ট গার্ড। এ সময় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানে একজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
















