এম এ এহসান রিয়াজ
নিচে নাই নাই, খাই খাই, ওপরেও নাই নাই, খাই খাই’এভাবে চললে তারেক রহমানের আকাঙ্ক্ষা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষা এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ যারা বুকের রক্ত দিয়ে দেশের মানুষকে নতুনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষার সঙ্গে স্বার্থপরতা ও দুর্নীতির রাজনীতি যায় না। রাষ্ট্রের সুযোগ-সুবিধা প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে হাজিরহাট বাজারে হুইপের নেতৃত্বে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে। কমলনগর উপজেলা বিএনপি হাজিরহাট দক্ষিন বাজার বালুর মাঠে এ সমাবেশের আয়োজন করে।
হুইপ নিজান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “যার ঘর নেই, সে ঘর পাবে। গরিব মানুষ অবশ্যই রাষ্ট্রের সুবিধা পাবে। কিন্তু আমরা সবাই যদি রাষ্ট্র থেকে লাভবান হতে চাই আর নিজেদের শহীদ জিয়ার সৈনিক দাবি করি,এটা সম্ভব নয়।
নদী ও সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, যারা এখনও নদীতে রংবাজি করেন, রাস্তায় রংবাজি করেন-আশরাফ উদ্দিন নিজান জীবিত থাকলে অবশ্যই আপনাদের আইনের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ। ইঙ্গিতে বুঝে যাবেন, 'সমঝদার কে লিয়ে ইশারাই কাফি'।
জমি কেনাবেচার নামে দালালির বিরুদ্ধেও সতর্ক করে হুইপ নিজান বলেন, গরিব মানুষের কাছ থেকে জমি কিনে পরে দলিল না দেওয়া এবং অন্যের কাছে জমি বিক্রির মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সাবধান ব্রোকাররা। সেখানে কোনো আইন থাকবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
সাংবাদিকদের উদ্দেশে হুইপ নিজান বলেন, কমলনগরের অধিকাংশ সাংবাদিক ভালো কাজ করছেন এবং গণতন্ত্র এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে তদবির, কর্মকর্তাদের নামে বদনাম কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।এসময় তিনি কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকদের সঙ্গে নিয়েই তারেক রহমানের আগামী বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ’ এই আকাঙ্ক্ষা কমলনগর থেকেই শুরু করতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিভেদ ও বিরোধ এড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হুইপ। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চায়। মেম্বার হওয়ার জন্যও চেষ্টা করেন। একজন চেয়ারম্যান হলে তিনজনকে প্যানেল চেয়ারম্যান করা যেতে পারে। চেয়ারম্যান দুই বছর দায়িত্ব পালন করবেন, আর তিন প্যানেল চেয়ারম্যান এক বছর করে দায়িত্ব পালন করবেন। এতে সবাই দায়িত্ব পাওয়ার সুযোগ পাবেন এবং জনগণকেও সেবা দেওয়া সম্ভব হবে।”
দলের অভ্যন্তরীণ কমিটি নিয়েও নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক বছর ধরে বিএনপির কমিটি দিতে পারি না। কমিটি দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেসবুকে লেখা শুরু হয়। দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে হুইপ নিজান বলেন, জেলা, উপজেলা, এমপি-মন্ত্রীসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তারেক রহমান যেভাবে চলেন এবং যে ধরনের বাংলাদেশ চান, সেই অনুযায়ী চলতে হবে।এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের দৃঢ় অঙ্গীকার ও শপথ হবে আমরা তারেক রহমানের দেখানো পথে চলব এবং জনগণের জন্য কাজ করব।”
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন তালুকদার,মো.গোলাম কাদের,মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা বাশার, বিএনপি নেতা ব্যাংকার নুরুল ইসলাম,এড,জামাল উদ্দিন হাওলাদার, যুবদল নেতা ইউসুফ পাটওয়ারি ও ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।
















