মোঃ রনি রজব ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নং গোহালবাড়ী ইউনিয়নের ভোলাহাট তালপল্লী নামক স্থানে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুমানিক রাত ৮:৩০ ঘটিকায় ডাকাতি ও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় তালপল্লী নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গতিপথ রোধ করে। পরবর্তীতে তারা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে সাথে থাকা মূল্যবান সামগ্রী ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোটরসাইকেলের তিন আরোহী রক্তাক্ত ও গুরুতর আহত হন।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ভোলাহাট থানা পুলিশ জানায়, আহতদের চিকিৎসার বিষয়টি আগে প্রাধান্য দেওয়া হয়েছে।
ভোলাহাটের তালপল্লীর মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ডাকাতি হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।















