দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই ঘটনা ঘটে। এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, “আমি বাংলাদেশের নাগরিক। কারা এই রিপোর্ট করেছেন? তাদের কি আবারও ২০০৮ সালের জ্বালা জেগেছে? মঈন উদ্দিন-ফখরুদ্দিনের সেই পুরনো জ্বালা?” সাংবাদিকের প্রশ্নের মুখে প্রতিমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

একই দিনে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিস্তারিত কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল করতে দুই দেশই নিবিড়ভাবে কাজ করছে। উভয় দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমেই সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি নির্ধারণ করা হবে।

পাশাপাশি, ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ূন কবীর। তিনি স্পষ্টভাবে জানান, দেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সম্পূর্ণ সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা প্রাধান্য পাবে।