সাধন সাহা জয়
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় দু’জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ট্রেনটি টঙ্গী স্টেশনে ঢোকার ঠিক আগমুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া জানান, তারা দুই ভাই আশুগঞ্জ স্টেশন থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগির মাঝামঝি আসনে বসেছিলেন। ট্রেনটি টঙ্গী স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে আসা একটি পাথর চলন্ত ট্রেনের জানালা ভেদ করে প্রথমে পাশের এক যাত্রীর মাথায় এবং পরবর্তীতে ফাহিমের গলায় আঘাত করে।
আরেক আহত যাত্রী লিটন মিয়া বলেন, ‘আমি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছি, ব্যবসার কাজে ঢাকায় বেশি থাকা হয়। হঠাৎ বাইরে থেকে আসা পাথরের আঘাতে আমার মাথা জখম হয় এবং সেই পাথরটিই পাশেই থাকা অন্য একজনের গায়ে গিয়ে লাগে।’
এ বিষয়ে ট্রেনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কনস্টেবল আব্দুর রউফ বলেন, ‘চলন্ত অবস্থায় ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য যাত্রীদের বারবার অনুরোধ করা হয়। কিন্তু গরমের কারণে যাত্রীরা তা খোলা রাখেন। এ সময়ই মূলত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
তবে আহত দু’জনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’








