মোঃরফিকুল ইসলাম সোহাগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে চারজন নিখোঁজ হয়েছেন। আজ শনিবার ভোরে জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী সংলগ্ন মইয়ার হাওরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজদের পরিচয় পাওয়া গেছে— তারা হলেন ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মইয়ার হাওরের বালুচর এলাকার একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে ছোট ডিঙি নৌকায় করে তারা বাড়ি ফিরছিলেন। পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা কয়েকজন যাত্রী দ্রুত সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ, অধির, হেমেন্দ্র ও সতীন্দ্র প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যান।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করে। শনিবার সকালে তল্লাশির সময় একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি তিনজনের খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো মইয়ার হাওরে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার পরপরই জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের সার্বিক তদারকি করেন। জগন্নাথপুর থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিরলসভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।