সুনামগঞ্জের তাহিরপুরে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ আলম
ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ : খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে— সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন মো: সবুজ আলম। তিনি এই পরিষদের সাবেক চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক হিসেবেও কর্মরত আছেন।
নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্য নিয়ে বর্তমানে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন মো: সবুজ আলম। বড়দল দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা সবুজ আলম স্থানীয়দের কাছে একজন শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবী এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে সুপরিচিত। তার দীর্ঘদিনের লক্ষ্য ও স্বপ্ন হলো একটি জনসেবামূলক আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলা, যেখানে নাগরিক সেবার মান হবে সর্বোচ্চ।
তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি হলো আদর্শিক সেবা। মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পথে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াকে তিনি তার জীবনের প্রধান অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছেন।
নির্বাচনী ভিশন ও অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রার্থী মো: সবুজ আলম তার ইউনিয়নকে ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন। তিনি মনে করেন, এলাকার মুরুব্বিদের অভিজ্ঞ পরামর্শ, তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী শক্তি এবং যুবকদের অদম্য কর্মস্পৃহাকে সঠিকভাবে কাজে লাগিয়ে বড়দল দক্ষিণ ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব। তার মূল উদ্দেশ্য হবে বৈষম্যহীন সেবাপ্রদান নিশ্চিত করা, যাতে কোনো নাগরিক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন।
নির্বাচন প্রসঙ্গে মো: সবুজ আলম বলেন, "আমি আমার ইউনিয়নের মানুষের সেবক হতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠী বা দলের প্রতিনিধি নই, বরং বড়দল দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি আমার প্রিয় ইউনিয়নকে একটি মডেল এবং আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি, যেখানে সকল সাধারণ মানুষের সমান অধিকার নিশ্চিত হবে।"
তিনি আরও বলেন, "এই লক্ষ্য অর্জনের পথচলায় আমি আমার সম্মানিত ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সঠিক পরামর্শ, সহযোগিতা ও সমতন প্রত্যাশা করছি।"
স্থানীয় সচেতন মহলের মতে, মো: সবুজ আলমের স্বচ্ছ ভাবমূর্তি এবং পূর্বের কাজের অভিজ্ঞতার কারণে সাধারণ ভোটারদের মাঝে তার এই প্রার্থিতা ইতিবাচক সাড়া ফেলেছে। তার গ্রহণযোগ্যতা ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক বলে তারা মনে করছেন।






