শাওন আহাম্মেদ
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খাটিয়াডাঙ্গা গ্রামে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, খাটিয়াডাঙ্গা গ্রামের বাবু মিয়ার মেয়ে, মিম আক্তারের বাল্যবিবাহের আয়োজন চলছিল। মিম আক্তার কাকিলাকুড়া মলামারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়।
এ সময় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কিশোরীর অভিভাবকদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও বাল্যবিবাহের আয়োজন বা উদ্যোগের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















