সাধন সাহা জয়

​আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনটি উদযাপনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় নবীনগর হরিসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা ও পবিত্র গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

​নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী। এছাড়া স্থানীয় বিএনপি ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাংস্কৃতিক নগরী নবীনগরে আমরা সকলে সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক হিসেবে চলাফেরা করে আসছি।

এখানে কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাসসহ কোনো অসামাজিক কার্যকলাপ চলবে না।

সাম্প্রদায়িকতা বা বৈষম্যের কোনো স্থান নেই, আমরা সকলে এক হয়ে চলব।" এ সময় তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে কেন্দ্রীয় নবীনগর হরিসভা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নবীনগর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।