অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অস্ত্র উদ্ধারে যারা সহায়তা করবেন, তাদের উৎসাহিত করতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে জনবান্ধব এবং জনপ্রত্যাশানুযায়ী একটি সংস্থায় রূপান্তর করার প্রচেষ্টা চলছে, যাতে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়। তিনি আশা প্রকাশ করেন যে, ইনশাআল্লাহ ক্রমান্বয়ে পুলিশ বাহিনীর কার্যক্রম আরও উন্নত হবে এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে। অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে এরইমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া সালাহউদ্দিন আহমদ জানান, দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব পুলিশ কর্মকর্তা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর অতিক্রান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত থানাগুলো পুনরায় সচল হয়েছে এবং অনেক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে সেই সময়ে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩২৬টি অস্ত্রের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি, যা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।