ফয়সাল আহমেদ

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৬৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় চলনবিলে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য বিভাগের সহযোগিতায় চলনবিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা জালগুলো ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলে নতুন পানি আসার পর থেকে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। চলনবিলের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এমন অভিযানে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের মধ্যে সতর্কতা তৈরি হবে এবং চলনবিলের মাছ ও অন্যান্য জলজ প্রাণী রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।