ফয়সাল আহমেদ

নাটোরের সিংড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) পারিবারিক নৌকা ভ্রমণ ও মিলনমেলা-২০২৬। সাংবাদিকতার ব্যস্ততা ও কর্মজীবনের নানা চাপের বাইরে ক্লাবের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে দিনটি কাটিয়েছেন হাসি, আনন্দ, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্যে।

শনিবার (২৯ আগস্ট) ঐতিহাসিক চলনবিলের মনোরম পরিবেশে এ নৌকা ভ্রমণ ও মিলনমেলার আয়োজন করা হয়। নৌকার ছন্দ, চলনবিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং স্বজনদের সান্নিধ্যে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলন উৎসবে।

“জল-অরণ্যের টানে, মেতে উঠি একসাথে—কলমের বাঁধন ছেড়ে, চলনবিলের টানে”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়জীদ হোসেন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, নাচ, গান, হাসি-আড্ডাসহ নানা আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিশেষ করে কুইজ প্রতিযোগিতা, নাচ ও গানে শিশু-কিশোর থেকে শুরু করে বড়দের অংশগ্রহণে পুরো নৌযান ও আশপাশের পরিবেশ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উৎসবমুখর।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান বলেন, “সাংবাদিকরা প্রতিদিন নানা দায়িত্ব ও ব্যস্ততার মধ্যে সময় কাটান। কর্মব্যস্ততার বাইরে পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।”

সাংবাদিক এই মুহুর্তের বার্তা

সিংড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, “একটি সংগঠনের সদস্যদের মধ্যে শুধু পেশাগত সম্পর্ক থাকলেই হয় না, পারিবারিক ও সামাজিক সম্পর্কও গুরুত্বপূর্ণ। এ ধরনের মিলনমেলা সদস্যদের পরিবারগুলোর মধ্যে পরিচিতি ও আন্তরিকতা বাড়ায় এবং সংগঠনের ঐক্যকে আরও সুদৃঢ় করে। আজকের এই আয়োজন আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

মিলনমেলায় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, মোঃ আশরাফুল সরদার, আমিনুল ইসলাম বাদল, সদস্য রাকিব সংকেত, সিফাত, ফায়শাল আহমেদ জনিসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

আয়োজকরা জানান, এ ধরনের পারিবারিক আয়োজন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করে। একই সঙ্গে সদস্যদের পরিবারের মধ্যেও পরিচিতি ও আন্তরিকতার পরিবেশ তৈরি হয়।

দিনভর নৌকা ভ্রমণ, আনন্দ-উচ্ছ্বাস, হাসি-আড্ডা ও নানা স্মৃতি নিয়ে শেষ হয় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পারিবারিক মিলনমেলা-২০২৬। ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।