নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়ে থাকল স্থানীয় মানুষ। মাত্র তিন বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার ৩ নম্বর দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা সিয়াম আলীর তিন বছর বয়সী সন্তান আইয়ানকে বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে শিশুটির হাত-পা শক্ত করে বেঁধে একটি বস্তায় ভরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ভাগ্যক্রমে সেই সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিলেন। বস্তাটির অস্বাভাবিক অবস্থান দেখে তাদের সন্দেহ হয় এবং তারা দ্রুত খালের দিকে এগিয়ে যান। বস্তাটি খুলে তারা জীবিত অবস্থায় শিশু আইয়ানকে উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনাটি প্রত্যক্ষ করার পরপরই উপস্থিত রাখালরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির পিতা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে গেছে। আপন দাদীর এমন নির্মম আচরণে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে এক দাদী তার নাতিকে এভাবে হত্যার চেষ্টা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।














