টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা মূল্যের ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার এবং এর চালককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সাদেক নগর গ্রামের মৃত আইয়ুবের ছেলে মো. ফরিদ (৪২)।

বিজিবি জানায়, গত ২২ জুলাই রাত ১০টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাতটি ছোট পোটলা থেকে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই চালক মো. ফরিদকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। পরে গাড়িটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ৬৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।