লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাহাত উজ জামান বলেন,"প্রকৃত অর্থে দুর্যোগ বলতে আমরা বুঝি যা মানুষের ক্ষতির কারণ হয়। সেদিক থেকে বিবেচনা করলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা না করাটাই সবচেয়ে বড় দুর্যোগ। পড়াশোনার মাধ্যমে সচেতন সমাজ তৈরি হবে। তখন মাদক, অনলাইন জুয়া, আইন অমান্য করা এবং বাল্যবিয়ে এই সামাজিক দুর্যোগ ও ব্যাধিগুলো এমনিতেই দূর হয়ে যাবে। শিক্ষার আলো-ই তোমাদেরকে একজন সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলবে।"
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন স্পন্দন হলরুম এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) সদস্য, রেড ক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
ইউএনও মো. রাহাত উজ জামান সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আরো বলেন,
শুষ্ক মৌসুমে গ্যাস জমে বিস্ফোরণ এড়াতে সকালে রান্না শুরুর আগেই ঘরের দরজা-জানালা খুলে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করুন। পানি ডোবা থেকে সুরক্ষার জন্য শিশুদের সার্বক্ষণিক নজরে রাখুন এবং রাস্তায় হাঁটার সময় তাদের নিরাপদ দিকে রাখুন।
শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখুন এবং মোটরসাইকেলে চলাচলে বাধ্যতামূলক হেলমেট ব্যবহারে অভিভাবকদের আরে কঠোর হওয়ার তাগিদ দেন। কোনো রোগী হঠাৎ গুরুতর অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে সিএনজি বা বিকল্প যেকোনো যানবাহনে দ্রুত হাসপাতালে পৌঁছানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তবে প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যে দুর্যোগই হোক না কেন, নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করার মাধ্যমেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব। তিনি ইলেকট্রিক শর্ট সার্কিট ও সিলিন্ডার অগ্নিকাণ্ড এড়াতে সচেতনতার পাশাপাশি প্রতিটি বাসাবাড়িতে ফায়ার এক্সটিংগুইশার রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) সদস্য, ফায়ার সার্ভিস কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস ও শর্ট সার্কিটের আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শনে ফায়ার সার্ভিস সদস্যরা একটি বাস্তবভিত্তিক মহড়া উপস্থাপন করেন।
এম এ এহসান রিয়াজ
















