মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির এক নেতা মারা গেছেন। শহিদুল ইসলাম (৬০) সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি নিহত হন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে তিনি শিবচর পৌর বাজারের কাঠপট্টি সড়কে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা জানান, সড়ক দিয়ে শিবচর বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেল পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত হন তিনি। পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে আমার বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন শহিদুল। একসঙ্গে দুপুরে খাবার খেয়েছেন আমার বাসায়। তার আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাহত। এমন মৃত্যু কাম্য নয়।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান জানান, দুপুরে একসঙ্গে আমরা খাবার খেয়েছি। সন্ধ্যায় মোটরসাইকেল চাপায় মারা গেলেন শহিদুল। শোক জানানোর ভাষা নেই আমাদের।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাসুদ রেজা ফিরোজী
















