শাহাবুদ্দিন আহামেদ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, এসকাফ সিরাপ, কীটনাশক, শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল ESCUF SYRUP, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, ৩ দশমিক ৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















