শাহাবুদ্দিন আহামেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে যশোরের শার্শায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহার করে একটি মহল যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন গুজব, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

বক্তারা বলেন, সামাজিক

যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি গুজব প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।