ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এজলাসের ডকের সঙ্গে ওই আসামির হাতের হাতকড়া বাঁধা ছিল। সেই হাতকড়া খুলেই তিনি পালিয়ে যান।
এর আগে গত বছরের ১৯ জুন মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন শফিক। ওই ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়। ওই মামলাতেই সাক্ষ্যগ্রহণের জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। এরপর এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল ইসলাম শফিক।
















