আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। ধর্মীয় এই বিশেষ দিনটি উপলক্ষে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। তবে সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই দিনটি ছুটির কি না, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও প্রশ্ন দেখা দিয়েছে।
সরকারি ক্যালেন্ডার এবং সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর দেশের সকল স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য পূর্ণ দিবস ছুটি নির্ধারিত রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জির তালিকা অনুযায়ী, ওইদিন সকল শ্রেণির শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তিবর্গ এই ছুটির সুযোগ পাবেন।
অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ফাতেহা-ই-ইয়াজদাহম মূলত একটি 'ঐচ্ছিক ছুটি' (মুসলিম পর্ব)। এর অর্থ হলো, এটি কোনো সাধারণ সরকারি ছুটি নয়। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য দিনটি একটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে মুসলিম ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা চাইলে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদনে এই দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে গ্রহণ করার সুযোগ পাবেন।
বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো ছুটির কথা উল্লেখ করা হয়নি। ফলে ব্যাংক, বীমা কোম্পানি, বিভিন্ন কর্পোরেট অফিস এবং অন্যান্য বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীনস্থ ময়মনসিংহস্থিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড তাদের ছুটির তারিখ পরিবর্তন করেছে। দেশের পিটিআইসমূহে পূর্বে নির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে এখন আগামী ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে বলে জানানো হয়েছে।
















