হাফিজুর রহমান

বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার কীর্তি স্কাউটস গুণীজনদের সম্মাননা জানাতে খুলনার আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ হতে সাতক্ষীরার কালীগঞ্জের ঐন্দ্রিলা আহমেদ তাথৈকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ স্কাউটসের বিশেষ সাক্ষাৎকারে পোল্যান্ডে ২৬ তম বিশ্ব স্কাউট জাম্বুরী, পোল্যান্ড - ২০২৭ ও মালয়েশিয়ায় ১৫ তম মালয়েশিয়া স্কাউট জাম্বুরী ২০২৬ এ বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে অংশ গ্রহণের জন্য নির্বাচিত হওয়ায় তাকে এই সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। খুলনার আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে গত রবিবার (২৩ আগস্ট) বিকাল ৪ টায় স্কাউট মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের খুলনা অঞ্চলের কমিশনার ও আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোঃ আবু হান্নান (এল.টি )। আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের উডব্যাজার ইউনিট লিডার নান্টু ফকিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের বিভিন্ন কর্মকর্তা,সিনিয়র রোভার মেট সাজ্জাদ হোসেন পিয়াল মো: আলী হাসান ,সাউদিয়া সহ গ্রুপের সকল স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা।

ঐন্দ্রিলা আহমেদ তাথৈ , কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক বাবলা আহমেদ ও সুরাইয়া সুমি'র একমাত্র কন্যা এবং কালীগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের একমাত্র নাতনী। বর্তমানে সে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে অধ্যায়নরত আছে।