সৌদি আরবে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর দ্বিতীয় দফা জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে বেলা সোয়া ১০টার দিকে জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহগুলো বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে চারদিকে; কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। এদিকে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবে এক অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।

তাদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহগুলো দেশে আনা হয়।