মো: আল-মাহফুজ শাওন 

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজ্যেশ্বর দাশ (৬৫) আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র দাশের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় রাজ্যেশ্বর দাশকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সরাফপুর গ্রামের রাজ্যেশ্বর দাশের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, রাজ্যেশ্বর দাশের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।