জাহাঙ্গীর আলম মানিক

সাপাহার উপজেলার আমচাষিদের জন্য আধুনিক হিমাগার নির্মাণ, বিপণন ব্যবস্থা উন্নয়ন এবং যানজট নিরসন ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আম বাজার স্থানান্তরের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এনামুল কবীর। সভায় বক্তব্য দেন সাবেক প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান এবং উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, ৫নং পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জাহাঙ্গীর আলম মাষ্টার। এ সময় বক্তারা সাপাহারের আম শিল্পের টেকসই উন্নয়ন,আধুনিক সংরক্ষণ সুবিধা নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে যানজট নিরসন এবং পরিকল্পিত স্থানে আম বাজার স্থানান্তরের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।