শাহজাহান আলী মনন

নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের বিচালী পট্টি, শহীদ ডা: জহুরুল হক রোড এবং কাঁচামাল মার্কেটে এই অভিযান চালানো হয়।

অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি, কাঁচা মরিচ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পর্যবেক্ষণ করা হয়। এসময় সুগন্ধি চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির অপরাধে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং হাইড্রোজ দিয়ে জিলাপি তৈরির অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল ইসলাম। তিনি বলেন, বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পাওয়া গেছে। তবে জনস্বার্থে অভিযান চলমান থাকবে। দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করাসহ সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।